এক নজরে বিজ্ঞান ক্লাব
মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ে বিশ্লেষণধর্মী ও গঠনমূলক চিন্তাশক্তি গড়ে তোলা এবং বাস্তব জীবনে বিজ্ঞানের প্রয়োগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ০১/০১/২০২৫ তারিখে কলেজ অধ্যক্ষের উদ্যোগে ও বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মেহেরপুর সরকারি কলেজ বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠা করা হয়। ক্লাবটি গঠনের সময় এর কাঠামো, নীতিমালা ও কার্যক্রম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নির্দেশনা অনুসারে নির্ধারণ করা হয়। বর্তমানে মেহেরপুর সরকারি কলেজ বিজ্ঞান ক্লাবটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের অধিনে নিবন্ধিত হয়েছে যা মেহেরপুর জেলার কোন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রথম এই অনুমোদন পেয়েছে । এই বিজ্ঞান ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করা, পাঠ্যবইয়ের জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করা, এবং গবেষণামূলক ও উদ্ভাবনী মানসিকতা তৈরি করা হবে। পাশাপাশি AI, রোবোটিক্স, কোডিং, পরিবেশ সচেতনতা, বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড, কর্মশালা, শিক্ষা সফর ও গবেষণা উপস্থাপনার মতো কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করা এবং তাদেরকে উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উদ্বুদ্ধ করাই এই ক্লাবের মূল লক্ষ্য।
বিজ্ঞান ক্লাবের গঠনতন্ত্র
প্রারম্ভিক
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান সম্পর্কে বিশ্লেষণাত্মক ও গঠনমূলক চিন্তাশক্তি গড়ে তোলা এবং বাস্তব জীবনে বিজ্ঞানের প্রয়োগ সম্পর্কে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ০১/০১/২০২৫ তারিখে ঐতিহ্যবাহী মেহেরপুর সরকারি কলেজ বিজ্ঞান ক্লাবের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর জেলার প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দেড়িতে হলেও, বর্তমান অধ্যক্ষ মহোদয় মেহেরপুর সরকারি কলেজ বিজ্ঞান ক্লাব এর মাধ্যমে অত্র অঞ্চলে বিজ্ঞানচর্চা উৎসাহিত করার জন্য একটি বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। যাত্রার শুরুতে অধ্যক্ষ মহোদয়ের অনুমতিক্রমে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বিজ্ঞান ক্লাবের কাঠামো, সদস্যদের দায়িত্ব, কার্যক্রম পরিচালনার নীতিমালা ও লক্ষ্য–উদ্দেশ্য বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়। পরবর্তীতে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নির্দেশনা অনুসরণ করে একটি গঠনতন্ত্র প্রস্তুত করা হয়েছে, যাতে মেহেরপুর সরকারি কলেজ বিজ্ঞান ক্লাব বিজ্ঞানমনস্ক একটি প্রজন্ম গঠনে কার্যকর ও টেকসই প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠতে পারে।
ধারা – ০১: ক্লাবের নাম।মেহেরপুর সরকারি কলেজ বিজ্ঞান ক্লাব (ইংরেজিতে Meherpur Government College Science Club, সংক্ষেপে MGCSC)
ধারা – ০২: ঠিকানা
১০৯, বিজ্ঞান ভবন, মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর- ৭১০০।
ধারা -৩: ক্লাবের লোগো ও স্লোগান
ক্লাবের লোগো: (সংযুক্তি)
ক্লাবের স্লোগান: “বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় গড়ি আগামীর বাংলাদেশ।”
ধারা-৪: উদ্দেশ্য
(১) পাঠ্যপুস্তকের বিজ্ঞানকে বাস্তব জীবনের প্রয়োগ ও আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক কৌতূহল, বিশ্লেষণী চিন্তাশক্তি এবং উদ্ভাবনী মানসিকতা গড়ে তোলা।
(২) বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও কার্যক্রমের মাধ্যমে নেতৃত্ব, দলবদ্ধ কাজ এবং যোগাযোগ দক্ষতা গড়ে তোলা।
(৩) কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবোটিক্স এবং কোডিং এর মতো ডিজিটাল টুল ব্যবহারে কর্মশালা।
(৪) পরিবেশ-সচেতনতা বিষয়ক কার্যক্রম, যেমন: বর্জ্য ব্যবস্থাপনা প্রচার, বৃক্ষরোপণ, জলবায়ু পরিবর্তন বিষয়ে সেশনের আয়োজন।
(৫) আধুনিক উদ্ভাবন (যেমন মহাকাশ অনুসন্ধান, Robotics, GIS, Remote sensing, পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি ইত্যাদি) নিয়ে বক্তৃতার জন্য বিজ্ঞানী বা গবেষক বা উদ্যোক্তা শ্রেণির ব্যাক্তিবর্গদের আমন্ত্রণ জানানো।
(৬) জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ এবং ক্লাবের উদ্যোগে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন।
(৭) বিজ্ঞানভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন, বিতর্ক প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন।
(৮) গবেষণা প্রতিষ্ঠান, জ্যোতির্বিদ্যা কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র বা প্রযুক্তি পার্কে শিক্ষা সফর।
(৯) শিক্ষক এবং শিক্ষার্থীদের পরিচালনায় বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন, ব্লগ, এবং গবেষণা প্রবন্ধ প্রকাশ।
(১০) স্থানীয় বা বৈশ্বিক সমস্যা সমাধানে বিজ্ঞানচিন্তাধর্মী সমস্যা সমাধান প্রতিযোগিতা আয়োজন।
(১১) শিক্ষক ও শিক্ষার্থিদের সমন্বয়ে বিজ্ঞানভিত্তিক কর্মশালা আয়োজন করা যেখানে ক্লাবের ভিতরে এবং বাইরে, পেশাদার অথবা আগ্রহী পেশাদার এবং অপেশাদার শ্রেণি পেশার মানুষ ট্রেনিং নিতে পারবেন।
(১২) বিজ্ঞান ক্লাব এর মাধ্যমে দেশে বিজ্ঞান এর উন্নয়নে দেশি ও বিদেশি ফেলোশিপ বা অনুদানের জন্য আবেদন করা।
(১৩) শিক্ষার্থীদের দেশে ও বিদেশে উচ্চশিক্ষা, বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে উদ্বুদ্ধ করতে কর্মশালার আয়োজন করা।
ধারা-৫: সদস্যপদ
ক.যোগ্যতা: মেহেরপুর সরকারি কলেজে কর্মরত বিজ্ঞান বিভাগের শিক্ষক ও উচ্চমাধ্যমিক স্তর এ অধ্যয়নরত শিক্ষার্থী এ ক্লাবের সদস্য হওয়ার যোগ্য হবেন।
অথবা,
কলেজে অধ্যয়নরত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়, অথচ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উৎসাহী বা অভিজ্ঞ শিক্ষক এবং উচ্চমাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত শিক্ষার্থিগণও এ ক্লাবের সদস্য (শর্তাবলী-১ প্রযোজ্য) হওয়ার যোগ্য হবেন।
খ. এই বিজ্ঞান ক্লাবের তিন ধরনের সদস্যপদ থাকবে- (১) উপদেষ্টা (২) পদাধিকার বলে সদস্য (৩) সাধারণ সদস্য
(১) উপদেষ্টা:
মেহেরপুর সরকারি কলেজ এর প্রাক্তন শিক্ষক বা শিক্ষার্থি যারা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষায় গুরুত্বপুর্ন অবদান রাখছে এমন ব্যাক্তি, মেহেরপুর এর স্থানীয় বিজ্ঞান শিক্ষানুরাগি যিনি বিশ্ববিদ্যালয় অথবা কলেজ পর্যায়ে শিক্ষকতা করেছেন, বিজ্ঞান শিক্ষার প্রসারে গুরুত্বপুর্ন অবদান রাখছেন এমন প্রশাসনিক লেভেল এ কর্মরত আছেন এমন ব্যাক্তি এই ক্লাবের উপদেষ্টা হবেন।
(২) পদাধিকার বলে সদস্য:
মেহেরপুর সরকারি কলেজে কর্মরত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদক ও বিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ পদাধিকার বলে সদস্য হবেন ।
(৩) সাধারণ সদস্য:
মেহেরপুর সরকারি কলেজে উচ্চমাধ্যমিক স্তর এ বিজ্ঞান বিষয় এ অধ্যয়নরত শিক্ষার্থী ও কলেজে অধ্যয়নরত বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থী নয়, অথচ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ বা উৎসাহী, উদ্ভাবক সাধারণ সদস্য হিসেবে বিবেচিত হবেন।
ধারা-৬: সদস্যপদ লাভের পদ্ধতি
সদস্যপদ লাভের জন্য ৫ (ক) অথবা শর্তসাপেক্ষে সভাপতি বরাবর নির্ধারিত ফরমে [ফরম-১] আবেদন করতে হবে এবং কার্যনির্বাহী কমিটির অনুমোদন সাপেক্ষে সদস্য হতে পারবে।
ধারা-৭: সদস্যপদ স্থগিত ও বাতিল
নিম্নলিখিত কারণে কোন সদস্যের সদস্যপদ কার্যনির্বাহী পরিষদ কর্তৃক স্থগিত/ বাতিল করা যেতে পারে-
ক. গঠনতন্ত্র বা ক্লাবের স্বার্থ পরিপন্থী কোন কাজ করলে।
খ. স্বেচ্ছায় পদত্যাগ করলে।
গ.কোন আদালত কর্তৃক বিচারের মাধ্যমে কারাদন্ডে দন্ডিত হলে।
ঘ. মস্তিষ্ক বিকৃতি বা মৃত্যুবরণ করলে।
ঙ. বাৎসরিক চাদা এক বছরের বেশি বকেয়া থাকলে। চ. পরপর ৩(তিনটি) টি সভায় পুর্বানুমতি ছাড়া উপস্থিত থাকলে।
ছ. এ কলেজে শিক্ষকতা ও ছাত্রত্বের মেয়াদ (tenure) শেষ হলে।
ধারা-৮: সদস্যপদ বাতিলের পদ্ধতি: কোন সদস্যের বিরুদ্ধে ৭ নং ধারায় বর্ণিত যে কোন বিষয়ে লিখিত অভিযোগে উত্থাপিত হলে কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত সদস্যের ২/৩ অংশের সিদ্ধান্ত মোতাবেক সদস্যপদ স্থগিত বা বাতিল হবে। তবে শর্ত থাকে যে অভিযুক্ত সদস্যকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।
ধারা-৯: সদস্যপদ পুর্নবহাল
সদস্যপদ পুর্নবহালের জন্য বাতিলকৃত সদস্য লিখিতভাবে সভাপতির নিকট আবেদন জানাবেন। কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত সদস্যের ২/৩ অংশের সিদ্ধান্তে সদস্যপদ পুর্নবহাল করা যাবে।
ধারা-১০: উপদেষ্টা
ক্লাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য ক্লাবের একজন উপদেষ্টা থাকবেন। উপদেষ্টার নিয়োগ ধারা-৫ (খ) (১) অনুযায়ী নির্ধারিত হবে।
ধারা-১১: সাংগঠনিক কাঠামো
এই ক্লাবটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কার্যনির্বাহী পরিষদ থাকবে।
কার্যনির্বাহী পরিষদ:
পদ | সংখ্যা ও পদ্ধতি |
1. সভাপতি | ১ জন (অধ্যক্ষ) |
2. সহ-সভাপতি | ১ জন (অধ্যাপক/ সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক) |
3. সম্পাদক (বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক) | ১ জন (মনোনিত) |
4. যুগ্ম সম্পাদক (বিজ্ঞান বিভাগের শিক্ষক) | ১ জন (মনোনিত) |
5. কোষাধ্যক্ষ (বিজ্ঞান বিভাগের শিক্ষক) | ১জন (মনোনিত) |
6. দপ্তর সম্পাদক (বিজ্ঞান/অন্য বিভাগের শিক্ষক) | ১জন (মনোনিত) |
7. প্রচার ও প্রকাশনা সম্পাদক (বিজ্ঞান/অন্য বিভাগের শিক্ষক) | ১ জন (মনোনিত) |
8. সদস্য (পদার্থবিজ্ঞান বিভাগ) | ১জন (পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক) |
সদস্য (রসায়ন বিভাগ) | ১জন (রসায়ন বিভাগের শিক্ষক) |
সদস্য (গণিত বিভাগ) | ১জন (গণিত বিভাগের শিক্ষক) |
সদস্য (উদ্ভিদবিজ্ঞান বিভাগ) | ১জন (উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক) |
সদস্য (প্রাণিবিদ্যা বিভাগ) | ১জন (প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক) |
সদস্য (আইসিটি বিভাগ) | ১জন (আইসিটি বিভাগের শিক্ষক) |
সদস্য (সাধারন) | ১জন (কলেজ মনিটরিং কমিটি থেকে মনোনিত) |
মোট = ১৪ জন
দায়িত্ব: কার্যনির্বাহী পরিষদের মেয়াদ দায়িত্ব গ্রহণের পর থেকে ২ (দুই) বছর। এ পরিষদের দায়িত্ব নিম্নরূপ-
১. বিজ্ঞান ক্লাবের নীতি নির্ধারণী দায়িত্ব পালন করা।
২. বাৎসরিক বাজেট, বার্ষিক কার্যবিবরণী তৈরী করা এবং অনুমোদন এর জন্য সাধারন পরিষদে উত্থাপন করা।
৩. বিজ্ঞান ক্লাবের উদ্দেশ্য ও লক্ষ্যকে বাস্তব রূপদানের জন্য বিভিন্ন কর্মপন্থা নির্ধারণ, কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করা।
৪. ক্লাবের গঠনতন্ত্র অনুমোদন, ধারা-উপধারা পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও সংশোধন করা।
৫. বিজ্ঞান ক্লাবের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন।
ধারা-১১: কার্যনির্বাহী পরিষদের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য
সভাপতি:
ক. ক্লাবের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।
খ. তিনি সকল সভায় সভাপতিত্ব করবেন।
গ. তাঁর স্বাক্ষরে কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্তবলী প্রচারিত হবে।
ঘ. তিনি ক্লাবের পক্ষে যাবতীয় চুক্তিপত্র সাক্ষর করবেন।
ঙ. তিনি কার্যনির্বাহী পরিষদের পূর্ণ সভার সিদ্ধান্ত ও কার্যবিবরণীর ভিত্তিতে ব্যাংক হিসাব পরিচালনা করবেন।
সহ-সভাপতি:
ক. যাবতীয় কাজে সভাপতিকে সহযোগিতা করা।
খ. সভাপতির অনুপস্থিতিতে সহ-সভাপতি, সভাপতির সকল দায়িত্ব পালন করবেন। তবে ব্যাংক হিসাব পরিচালনা করতে পারবেন না।
সম্পাদক:
ক. তিনি বিজ্ঞান ক্লাবের সাচিবিক দায়িত্ব পালন করবেন।
খ. তিনি বিজ্ঞান ক্লাবের কার্যক্রম বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করবেন।
গ. যাবতীয় রেকর্ড পত্রাদি, দলিল সংরক্ষণ এবং সম্পদের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
ঘ. বাৎসরিক বাজেট, বার্ষিক কার্যবিবরণী তৈরী করবেন।
ঙ. তিনি সভাপতির অনুমতিক্রমে পরিষদের সভা আহবান করবেন।
চ. তিনি বিজ্ঞান ক্লাবের প্রধান সমন্বয়কারী হবেন।
যুগ্ম সম্পাদক:
ক. সকল কাজে সম্পাদককে সহযোগিতা করবেন।
খ. সম্পাদকের অনুপস্থিতিতে যুগ্ম সম্পাদক সম্পাদকের সকল দায়িত্ব পালন করবেন।
কোষাধ্যক্ষ:
ক. অর্থসংক্রান্ত নথিপত্র, ভাউচার ও সভার কার্যবিবরনী সংরক্ষণ করবেন।
খ. বার্ষিক বাজেট ও বার্ষিক হিসাব বিবরনী তৈরী করতে সম্পাদককে সহযাগিতা করবেন।
গ. কার্যনির্বাহী পরিষদ কর্তৃক অনুমোদিত পরিমাণ অর্থ নগদ হিসেবে রাখতে পারবেন।
ঘ. তিনি অর্থ সংক্রান্ত বিষয়ে কার্যনির্বাহী পরিষদকে ব্যাখ্যা প্রদান করবেন।
ঙ. তিনি কার্যনির্বাহী পরিষদের পূর্ণ সভার সিদ্ধান্ত ও কার্যবিবরণীর ভিত্তিতে সভাপতির সহিত ব্যাংক হিসাব পরিচালনা করবেন।
দপ্তর সম্পাদক:
ক. তিনি দপ্তর পরিচালনার জন্য দায়ী থাকবেন।
খ. তিনি দাপ্তরিক সকল খাতাপত্র, রেকর্ড ও স্টক রেজিষ্টার সংরক্ষণ করবেন।
গ. দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক:
ক. তিনি বিজ্ঞান ক্লাবের বিভিন্ন প্রকার প্রচার কার্যক্রম ও প্রকাশনার দায়িত্ব পালন করবেন।
সদস্য (পদার্থবিজ্ঞান/ রসায়ন/ গণিত/ উদ্ভিদবিজ্ঞান/ প্রাণিবিদ্যা/ আইসিটি/ সাধারণ)
ক. স্ব স্ব বিভাগের ব্যবস্থাপনায় সার্বিক দায়িত্ব পালন করবেন।
খ. তিনি বিজ্ঞান বিষয়ক উৎসাহ সৃষ্টিতে কর্মসূচী প্রণয়ন ও উপস্থাপনের দায়িত্ব পালন করবেন।
গ.গঠনতন্ত্রের ধারায় বর্ণিত উদ্দেশ্যসমূহ বাস্তবায়নে সম্পাদককে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সহযোগিতা করবেন ও পরিষদের সকল কার্যক্রমে সহযোগিতা করবেন।
ধারা-১২: সভা আহবান
(ক) কার্যনির্বাহী পরিষদের সভা কমপক্ষে ৭ (সাত) দিনের বিজ্ঞপ্তিতে আহবান করতে হবে।
(খ) কার্যকরী পরিষদের জরুরী সভা কমপক্ষে ০৩ (তিন) দিনের বিজ্ঞপ্তিতে আহবান করতে হবে।
(গ) কার্যকরী পরিষদের অতি জরুরী সভা কমপক্ষে (০১) দিনের বিজ্ঞপ্তিতে অনুষ্ঠিত হবে।
ধারা-১৩: সভার কোরাম
২/৩ অংশ সদস্যের উপস্থিতিতে ঐ পরিষদের সভার পরিষদের কোরাম পূর্ণ হবে।
ধারা-১৪: আর্থিক বছর গণনা
১ জুলাই হতে ৩০ জুন পর্যন্ত ক্লাবের আর্থিক বছর গণনা করা হবে।
ধারা-১৫: তহবিলের উৎস
ক. ছাত্রদের ভর্তির সময় বিজ্ঞান ক্লাবের আদায়কৃত অর্থ।
খ. প্রযোজ্য ক্ষেত্রে সদস্যদের অনুদান।
গ. আন্তর্জাতিক, সরকারি, আধা-সরকারি,স্বায়ত্বশাসিত ও স্বেচ্ছাসেবী সংস্থা/ব্যক্তির নিকট হতে প্রাপ্ত বৈজ্ঞানিক যন্ত্রপাতি, উপকরণ ও আর্থিক অনুদান।
ঘ. বিজ্ঞান বিষয়ক কর্মশালা এবং প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কলেজ বহির্ভুত প্রতিযোগী বা অংশগ্রহণকারীদের কাছ থেকে গ্রহণকৃত ফি।
ধারা-১৬: তহবিলের সংরক্ষণ ও ব্যাংক হিসাব পরিচালনা
প্রয়োজনীয় অর্থ অনুমোদনের ভিত্তিতে সভাপতি এবং কোষাধ্যক্ষ এর মাধ্যমে গ্রহণ ও সমন্বয় করতে হবে।
ধারা-১৭: হিসাব নিরীক্ষা
প্রতিবছর আয়-ব্যয়ের হিসাব উপযুক্ত অভ্যন্তরীন কমিটি দ্বারা নিরীক্ষা করতে হবে।
ধারা-১৮: কার্যনির্বাহী পরিষদের সদস্যপদ পূরণ
কোন কারণে কার্যনির্বাহী পরিষদের কোন পদ শূন্য হলে অর্ন্তবর্তীকালীন সময়ের জন্য কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তের মাধ্যমে শূন্য পদ পূরণ করা যাবে।
ধারা-১৯: গঠনতন্ত্র সংশোধন পদ্ধতি
অত্র সংস্থার গঠনতন্ত্রের ধারা, উপধারা সংশোধন, পরিবর্তন, বাতিল ও সংযোজনে কার্যনির্বাহী পরিষদের সংখ্যাগরিষ্ট ভোটে উপস্থিত সদস্যগণের ২/৩ সদস্যের সমর্থিত সিদ্ধান্তে এবং রেজিস্ট্রেশন (যদি থাকে) কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কার্যকরী হবে।
ধারা-২০: প্রচলিত বিধি বিধান অনুসরণ
এই সংস্থার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই গঠনতন্ত্রে যে সকল বিষয় বিবৃত হয়নি সে সকল বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচলিত আইন ও বিধি বিধান প্রযোজ্য।
ধারা-২১: নিবন্ধন
এই বিজ্ঞান ক্লাব জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর হতে নিবন্ধন গ্রহণ করবে।
ধারা-২২: বিলুপ্তি,হেফাজত ও রহিতকরণ
কোন কারনে এই বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব বিলুপ্ত হলে এর যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি মেহেরপুর সরকারি কলেজ এর নিকট ন্যাস্ত হবে।
ধারা-২৩: বিজ্ঞান ক্লাবের নিয়মিত কার্যক্রম
ক. নিয়মিত সভা করা: কার্যনির্বাহী পরিষদ বৎসরে কমপক্ষে ৩/৪ টি সভা, প্রয়োজনে আরও বেশী সভা করতে পারবে।
খ. প্রোজেক্ট তৈরী করা: বিজ্ঞান ক্লাবের সদস্যগণ এককভাবে বা দলগতভাবে বিজ্ঞান শিক্ষক বা ছাত্রদের সহায়তায় নিয়মিত বিজ্ঞান প্রোজেক্ট তৈরী করবে। প্রোজেক্ট তৈরীর ক্ষেত্রে সুলভ প্র্রযুক্তি ব্যবহারে মনোযোগী হতে হবে। প্রোজেক্ট তৈরীর ব্যয়ভার শিক্ষার্থী নিজে বহন করবে। বিশেষ ক্ষেত্রে শিক্ষার্থী ব্যয় বহনে সক্ষম না হলে বিজ্ঞান ক্লাব থেকে সহায়তা নেওয়া যেতে পারে।
গ. বিজ্ঞান মেলার আয়োজন:
প্রতিবছর একটি বিজ্ঞান মেলার আয়োজন করতে হবে। বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রোজেক্ট, কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
ঘ. বিজ্ঞান বিষয়ক দেয়ালিকা তৈরী করা
বছরে একটি বিজ্ঞানবিষয়ক দেয়ালিকা তৈরী করতে হবে।
ঙ. বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন প্রকাশ: প্রতিবছর বিজ্ঞান বিষয়ক একটি ম্যাগাজিন প্রকাশ করতে হবে।
চ. প্রকাশনা: এই ক্লাবের অধিনে শিক্ষক এবং ছাত্রদের বিজ্ঞান বিষয়ে কোন গবেষণাপত্র বা আর্টিক্যাল থাকলে তা স্থানীয় বা আন্তর্জাতিক জার্নালে প্রকাশের এর জন্য উৎসাহিত এবং সহযগিতা করতে হবে।
ছ. বিজ্ঞান মেলায় অংশগ্রহণ: বিভাগীয় বা জেলা পর্যায়ে বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রোজেক্ট, কুইজ প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
জ. বিজ্ঞান অলিম্পিয়াডের ব্যবস্থা ও অংশগ্রহন: বিভিন্ন বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন এবং বিভাগীয় বা জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন বিজ্ঞান অলিম্পিয়াডে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
ধারা-২৪: ক্লাবের যে সকল সযোগ-সুবিধা সৃষ্টি করতে হবে:
- অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত নিজস্ব অফিস/কার্যালয়ও আসবাসপত্র
- গবেষণাগার
- বিজ্ঞান বিষয়ক বই, সাময়িকী ও ম্যাগাজিন
- প্রকাশনা
- কলেজের ওয়েবসাইটে (www.mgc.edu.bd) ক্লাবের কর্মকান্ড সমূহ সংযুক্তকরন।
